দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আর্থিক সংকট সামাল দিতে ২০১৮ বিশ্বকাপজয়ের স্মারক ট্রফির আনুষ্ঠানিক রেপ্লিকা নিলামে বিক্রি করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি। স্মারকটি বিক্রি হয়েছে ৬২ হাজার ২০০ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ লাখ টাকা।
এটি ফিফার মূল বিশ্বকাপ ট্রফি নয়; বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে মেন্দিকে দেওয়া ১৫ ইঞ্চি উচ্চতার আনুষ্ঠানিক রেপ্লিকা। যুক্তরাষ্ট্রভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ‘গোল্ডিন’-এর ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট টু’-তে এটি বিক্রি করা হয়।
গত ২৫ জুলাই শেষ হওয়া নিলামে ট্রফিটির জন্য ৩৮টি দর জমা পড়ে। ক্রেতাকে মেন্দির স্বাক্ষর করা সত্যতা সনদও দেওয়া হয়েছে। ট্রফিটির নিচের অংশে ছোট একটি ফাটল এবং ব্যবহারের কিছু চিহ্ন রয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, নগদ অর্থের জোগান দিতেই মেন্দি ট্রফিটি বিক্রি করেছেন। তবে এ বিষয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বিশ্বকাপের রেপ্লিকার পাশাপাশি ব্যক্তিগত সংগ্রহে থাকা আরও কয়েকটি ফুটবল স্মারকও নিলামে তুলেছেন তিনি।
২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে ফ্রান্স। সেই দলের সদস্য মেন্দি টুর্নামেন্টে একটি ম্যাচে খেলেছিলেন।
২০১৭ সালে তৎকালীন রেকর্ড ৫২ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন মেন্দি। তবে ২০২১ সালে যৌন অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর তার ক্যারিয়ার থমকে যায়। বিচার চলাকালে তার বেতনও বন্ধ করে দেয় ক্লাবটি। ২০২৩ সালে দুই দফা বিচারে সব অভিযোগ থেকে খালাস পান তিনি।
পরবর্তীতে প্রায় আট লাখ পাউন্ড কর বকেয়ার কারণে তার বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার আবেদন করে ব্রিটিশ রাজস্ব বিভাগ। আর্থিক সংকট মোকাবিলায় চেশায়ারের বাড়ি বিক্রির উদ্যোগ নেন তিনি। পরে আদালতের রায়ে ম্যানচেস্টার সিটির আটকে রাখা বেতনের বড় অংশ পাওয়ার অধিকারও অর্জন করেন।
ম্যানচেস্টার সিটি ছাড়ার পর লরিয়ঁ ও জুরিখে খেলেছেন মেন্দি। বর্তমানে তিনি পোল্যান্ডের ক্লাব পোগোন শেচিনের হয়ে খেলছেন।
এমএস/